সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় মাহিম (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কে উপজেলার ষোল মাইলের অদুরে হাইওয়ে ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সেনগাঁতী গ্রামের আসলাম আকন্দের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।
হাইওয়ে থানার ওসি বদরুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলের পাশে শিশুটির বাবার একটি খাবারের দোকান আছে। শিশুটি রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।