দলীয় ৬৪ রানে এসে ভারতের দ্বিতীয় উইকেট তুলে নিলেন মোহাম্মদ নবী। কিছুটা ধীরগতিতে খেলা লুকেশ রাহুল এবার ফিরেছেন তার বলে। এর আগে শুরুতেই মুজিব-উর রহমানের বলে আউট হয়ে ফিরেছেন রোহিত শর্মা। তবে কোহলি হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তৃতীয় উইকেটে তার সঙ্গী বিজয় শঙ্কর। ২২ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ দুই উইকেটে ৯৮ রান।
আজ শনিবার সাউদাম্পটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। পঞ্চম ওভারে এসে দলীয় ৭ রানে রোহিত শর্মা ফিরেন রানের খাতা খোলার পরই। আর ৫৩ বল থেকে ৩০ রান করে এবার ফিরেছেন লুকেশ রাহুল।
এবারের বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে আছে ভারত। টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট তারা। অন্যদিকে আফগানিস্তান ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতে হেরেছে। কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে তাদের অবস্থান।
বিশ্বকাপে এবারই প্রথম ভারতের বিপক্ষে খেলছে আফগানিস্তান। ২০১৪ সালে এশিয়া কাপে ভারতের কাছে ৮ উইকেট হেরেছিল আফগানরা। অবশ্য গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ টাই করে ভারত।
ইত্তেফাক/কেআই