রাশিয়ার চোখ রাঙানির মাঝেই নেদারল্যান্ডসে জেলেনস্কি

ফিনল্যান্ডে নর্ডিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দ্য হেগে পৌঁছেছেন। এদিকে ক্রেমলিনের পর রাশিয়ায় আরও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরু হবার পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুকাল অন্তত প্রকাশ্যে দেশ ছাড়েন নি। ফলে তার ব্যতিক্রমি ওয়াশিংটন সফর বিশেষ নজর কেড়েছিল। বর্তমানে তিনি সহজেই পূর্বঘোষিত সফরে দেশ ছাড়ছেন। এমনকি রাশিয়ার তর্জনগর্জন বাড়লেও সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটছে না। বুধবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে ‘নিশ্চিহ্ন' করে দেওয়ার ডাক দিয়েছেন।

বুধবার জেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করেন। তারা যতকাল প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন। তারপর রাতে তিনি আচমকা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে পৌঁছান। ডাচ সরকারের একটি বিমান তাকে সেখানে নিয়ে আসে। জেলেনস্কি ‘ইউক্রেনের জন্য ন্যায় ছাড়া কোনো শান্তি সম্ভব নয়' শীর্ষক এক ভাষণও দিতে পারেন। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও যেতে পারেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম মনে করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের জন্য সেই আদালতের শমনের প্রেক্ষাপটে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এদিকে রাশিয়ায় একের পর এক রহস্যজনক বিস্ফোরণকে কেন্দ্র করে জল্পনাকল্পনা বাড়ছে। খোদ ক্রেমলিনের উপর ড্রোনের উড়াল ও বিস্ফোরণের দায় রাশিয়া ইউক্রেনের উপর চাপালেও কিয়েভের সরকার তা অস্বীকার করেছে। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। বৃহস্পতিবার ভোরে রাশিয়ার দক্ষিণে কৃষ্ণ সাগর উপকূলে ইলস্কি শোধনাগারের কাছে পেট্রোলিয়ামজাত পণ্যের এক ভাণ্ডারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডকে ঘিরেও প্রশ্ন উঠছে। উল্লেখ্য, একদিন আগে অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপে জ্বালানির এক গুদামেও ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটেছিল। ইউক্রেন সাধারণত এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করে না।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য কিছু শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে চরম ব্যস্ততা দেখাচ্ছে। ইউক্রেনের কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী ২৪টি হামলার মধ্যে ১৮টি বানচাল করা সম্ভব হয়েছে। কৃষ্ণ সাগরের তীরে ওডেসা শহরেও হামলার খবর পাওয়া গেছে। গত অক্টোবর মাস থেকেই রাশিয়া ইউক্রেনের শহরগুলোর ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। খেরসন শহরে সম্প্রতি এমনই এক হামলায় ২১ জন নিরীহ মানুষ নিহত হয়েছে বলে ইউক্রেন দাবি করছে।