চার্লসের রাজ্যাভিষেকের পোশাকে থাকছে বাংলার ছোঁয়া

রাজা চার্লসের রাজ্যাভিষেকে রীতিমতো সাজো সাজো রব সারা ব্রিটেনে। সারাবিশ্ব থেকেই এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন বিশিষ্ট অতিথিরা। শনিবার (৬ মে) ভারতীয় সময়ে বিকাল সাড়ে ৪টা নাগাদ শুরু হয়েছে এই অনুষ্ঠান।

সারা বিশ্বের মতো ভারত থেকেই একাধিক অতিথি আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে। কিন্তু তার পাশাপাশি ভারতের সঙ্গে আরও এক বিশেষ সম্পর্ক রয়েছে এই অনুষ্ঠানের।  হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে জানিয়েছে, আজ চার্লস ও ক্যামিলার যে পোশাক পরার কথা রয়েছে, তার সঙ্গে সম্পর্ক থাকছে খোদ বাংলার।

জানা যায়, রাজ্যাভিষেকে আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকে। আরসেই অনুষ্ঠানে পরার জন্য ক্যামিলার পোশাকের নকশা বানালেন হুগলির প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা মল্লিক। দেশ-বিদেশের বহু পোশাক-শিল্পীর ডিজাইনের মধ্যে থেকে প্রিয়াঙ্কার আঁকা নকশা নির্বাচিত হয়েছে ক্যামিলার জন্য। ‘ইটারনাল রোজ়’ থিমের সেই পোশাক পরবেন তিনি।

তবে শেষ এখানেই নয়। এই অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের পোশাকে থাকছে ‘দ্য কসমিক বাটারফ্লাই ব্রুচ’। বিভিন্ন রঙের সমাহারে তৈরি হয়েছে প্রজাপতির আকারের ওই ব্রুচটি। এটিও ডিজাইন করেছেন প্রিয়াঙ্কা। তবে মূল অনুষ্ঠানে চার্লস এবং ক্যামিলাকে এই পোশাক পরতে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে তার জন্য পোশাক ও মুকুটের নকশা পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা। তা রাজপরিবারে প্রশংসিত হয়। তার পর থেকেই তার গ্রহণযোগ্যতা বেড়েছিল সেখানে। তবে এখনও পর্যন্ত ইংল্যান্ড যাওয়ার সুযোগ হয়নি প্রিয়াঙ্কার। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কোনও দিন সুযোগ পেলে নিশ্চয়ই সেখানে যাবেন। যদিও আপাতত রাজ্যাভিষেকের সূত্রে আলোচনায় রয়েছে বাংলার এই মেয়ে।