১৭ বছর বয়সী কিশোরকে বিয়ে করার দায়ে ২০ বছর বয়সী তরুণীকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ। গেল ১৫ দিন ধরে ৫ মাস বয়সী সন্তানসহ ওই তরুণী কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানায়, কিশোরটির মা পুলিশে অভিযোগ দায়ের করার পর তরুণীকে গ্রেপ্তার করা হয়। বাদি অভিযোগ করেন, তার ছেলেকে অপহরণের পর বিয়ে করেছে ওই তরুণী।
অভিযোগ অস্বীকার করেছে তরুণী। তার দাবি সম্পর্কটি কিশোরের সম্মতিতে হয়েছে এবং সম্মতিক্রমেই তারা বিয়ে করেছে।
আরও পড়ুনঃ যৌতুক না দেওয়ায় স্ত্রীর শরীরে এইডস-এর জীবাণু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
ভারতে ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে যৌনতায় সম্মতি দেয়ার সর্বনিম্ন বয়স ১৮। আর বিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১। এ কারণে ওই তরুণীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধ আইনেও অভিযোগ দেয়া হয়েছে।
দিল্লিতে বিবিসির সংবাদদাতা গিতা পাণ্ডে বলেন, ভারতে এ ধরনের অভিযোগ ১৮ বছরের কম বয়সী মেয়েদের ক্ষেত্রে ছেলেদের বিরুদ্ধে শোনা যায়। কিন্তু মেয়েদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার ঘটনা বিরল।
ইত্তেফাক/টিএস