‘আল্লাহ চাইলে এশিয়া কাপ-বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান’

চলতি বছরেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। সম্প্রতি ওয়ানডে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। সিরিজে ৪-০ তে এগিয়ে আছে পাকিস্তান। সেইসঙ্গে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে পাকিস্তান। আর তাই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি।

এবারের এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে। আর বিশ্বকাপ ভারতে। যদিও পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। আর তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দেয় পাকিস্তান। তবে সবকিছু ছাপিয়ে দুই টুর্নামেন্টের শিরোপায় চোখ পাকিস্তানের।

শাহিন আফ্রিদি।  

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের জিও স্পোর্টসের সঙ্গে কথা বলেন শাহিন আফ্রিদি। তিনি বলেন, ‘আল্লাহ চাইলে পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো বিশ্ব আসরে আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করবে।’

শাহিন আরও বলেন, ‘ভারতের কন্ডিশন খুব একটা আলাদা হবে না আমাদের জন্য। বিশ্বকাপে আমরা সেই সুবিধা নিতে পারব। আমি তো তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) ভালো পারফর্ম করতে চাই, সেই চেষ্টাই করব।’