জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার খোলাপাড়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উক্ত গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহর সঙ্গে তার চাচাত ভাই মৃত লাহাত আলীর ছেলে হারুন মিয়ার (৫৫) দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে আব্দুল্লাহ গোসল করতে যাচ্ছিলেন। এ সময় হারুন তার বাড়ির সামনের রাস্তা ব্যবহারে বাঁধা দেয়। এতে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে হারুন আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার হাতে থাকা লাঠি দিয়ে তার তলপেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে হারুন পলাতক। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু