বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সবশেষ সভায় আসন্ন এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল না পাঠানোর সিদ্ধান্ত হলেও সেটি এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ ও এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ও বিওএ কোষাধ্যক্ষ এ কে সরকারের মন্তব্যে এমনটাই ধারণা করা হচ্ছে।
ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিওএ সভাপতি ও সেনবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে নারী ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পুরুষ ফুটবল দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অথচ ২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। সেবার এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লাল-সবুজের দলটি। তারপরও ছেলেদের বর্তমান পারফরম্যান্স খারাপ থাকায় ছেলেদের না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিওএ'র সভায়।
অবশ্য সভায় উপস্থিত ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এ সময় সিদ্ধান্তটির বিপক্ষে জোরালো কোন ভূমিকাও নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন শেফ দ্য মিশন এ কে সরকার। তবে তিনি জানান, বাফুফে যদি এ বিষয়ে চিঠি দেয় তাহলে হয়তো বিষয়টি পুনঃবিবেচনা করা হবে। সেক্ষেত্রে পুনরায় বিওএ’র সভা ডেকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।
একই কথা বলেছেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদও। তিনি বলেন, আলোচনায় ‘পুরুষ ফুটবল ভালো করছে না’ বলেই অধিকাংশ সদস্য মতামত দিয়েছেন। সিশেলসের কাছেও তারা হেরেছে। আর মেয়েরা ফুটবলে ক্রমাগত ভালো করছে বলেই তাদের পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, বাফুফের দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি এবং মহিউদ্দিন আহমেদ মহি সভায় উপস্থিত থাকলেও দল পাঠানোর বিষয়ে জোরালো অবস্থান নিতে পারেননি। আসলে এশিয়ান গেমস উঁচুমানের একটি গেমস। এশিয়ার সেরা সব দেশ সেখানে শ্রেষ্ঠত্ব দেখাতে আসে। স্বর্ণ পদকের জন্য লড়াই করে। সেখানে বাংলাদেশের পুরুষ ফুটবল কিংবা নারী ফুটবল দলের পদকের আশা করা যায় না। তবে ফুটবলের ইতিহাসে প্রথম, গত এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল দ্বিতীয় পর্বে খেলেছিল। পূর্ববর্তী ওই ফলাফলের ভিত্তিতে পুরুষ ফুটবল দল সহজেই এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহণের দাবি রাখে। আলোচনা হয়েছে এবং আরো আলোচনার সুযোগ রয়েছে।’
এদিকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ছেলেদের দল না পাঠানোর সিদ্ধান্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এমন ঘটনায় তিনি কিছুটা অবাকই হয়েছেন।
তিনি বলেন, ‘গতবার আমরা দ্বিতীয় পর্বে উঠেছিলাম। সেখানে এবার দল না পাঠানোর সিদ্ধান্ত সঠিক হতে পারে না। আমরা অবশ্যই ছেলেদের দলকেও পাঠাতে চাই। এ বিষয়ে অচিরেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি দেব।’