যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারপিট

রাজবাড়ীর গোয়ালন্দে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারপিট করেছে এক জামাই। উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত জামাইয়ের নাম মনোয়ার সরদার (২৮)। 
 
মারপিটে আহত অবস্থায় স্ত্রী মোছা. মারুফা বেগম (২২) ও শাশুড়ি মালেকা বেগম গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার বিকালে এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরুপারচক গ্রামের আ. ছালাম শেখ(৪৮) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মেয়ে জামাই মনোয়ার সরদারসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে গোয়ালন্দ উপজেলার পশ্চিম নলডুবি গ্রামের মোশারফ সরদারের ছেলে মনোয়ার সরদারের(২৮) সঙ্গে স্বরুপারচক গ্রামের আ. ছালাম শেখের মেয়ে মারুফার বিয়ে হয়। 

এজাহারে আ. ছালাম বলেন, ‘গত ৯ জুন আমার মেয়ে মারুফাকে মারপিট করে আমার মেয়ে জামাই মনোয়ার সরদার দেড় লাখ টাকা যৌতুকের টাকা দাবি করে। তারপর আমার বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়ের সুখের কথা ভেবে ১০জুন আমি ১ লাখ টাকা যোগাড় করে মেয়েকে স্বামীর বাড়ি রেখে আসি। 

এরপর গত ১৮ জুন সকাল ১০টার দিকে আমার মেয়েকে বাকি ৫০ হাজার টাকার জন্য মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। স্থানীয়দের কাছে জানতে পেরে ২০ জুন আমার স্ত্রী (মেয়ের মারুফার মা) মালেকা বেগম মেয়ে জামাইয়ের বাড়িতে যান। যখন মেয়ে জামাই মনোয়ার যৌতুকের টাকা না পেয়ে উত্তেজিত হয়ে আমার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। সে আরও ৫০ হাজার টাকার দাবি করে এবং আমার মেয়েকে ঘরে আটকে রাখে।

আমার স্ত্রী জখম হয়ে আহত অবস্থায় বাড়িতে আসে। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেয়েকে আটক রাখার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে তালাবদ্ধ অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করে থানা পুলিশ। মেয়েকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে দুই ধর্ষক গ্রেফতার

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, উপরোক্ত ঘটনায় মারুফা বেগম ও তার মা মালেকা বেগমকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় শুক্রবার বিকালে ছালাম শেখ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আইনানুগত ব্যবস্থা গ্রহণ করছে।

ইত্তেফাক/নূহু