সিদ্ধিরগঞ্জে দুই কিশোরী চাচাতো বোনকে ফুঁসলিয়ে নিয়ে দুই বখাটে ২০ দিন ধরে একটি কক্ষে আটক রেখে ধর্ষণ করেছে। এমন অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত আল-আমিন (১৬) ও রিয়াদ (২৫) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে ফতুল্লার গিরিধারা এলাকার সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় আটক দুই কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় এক কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার সকালে আল-আমিন ও রিয়াদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগরের বাড়ি থেকে জুন মাসের ২ তারিখে দুই বখাটে ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে (১৬) ফুঁসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর কিশোরীর স্বজনরা তাদের কোন খোঁজ না পেয়ে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর জিডি সূত্রে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ফতুল্লার গিরিধারা এলাকার সেলিনা আক্তারের বাড়ির একটি কক্ষ থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করে।
গ্রেফতার আল-আমিন সিদ্ধিরগঞ্জের আইয়ুব নগর এলাকার মোঃ বাদল মিয়ার ছেলে। আর রিয়াদ ভোলা জেলার চরফ্যাশন থানার কুলসুমবাগ এলাকার মোঃ আজিজ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া কিশোরীরা পুলিশকে জানায়, অপহরণের পর থেকে ২১ জুন পর্যন্ত ওই বাসায় তাদের আটকে রেখে ধর্ষণ করা হয়।
আরও পড়ুন: সোনাগাজীর সেই রুহুল আমিন দল থেকে বহিষ্কার
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম মিয়া জানান, এক কিশোরীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। একই বাসা থেকে আসামিদের গ্রেফতার ও দুই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু

