ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে গেল মাসে দাপট দেখিয়ে জয়ের পর এবার ফিরতি সফরে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। ইংল্যান্ডের এই মাঠটি বাংলাদেশের একটি ইতিহাসের সাক্ষী। কারণ এ মাঠেই বাংলাদেশের ১৯৯৯ বিশ্বকাপে অভিষেক হয়েছিল। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো বিশ্বকাপের ম্যাচ খেলেছিল আমিনুল ইসলামের নেতৃত্বে থাকা টাইগার দল। দীর্ঘ ২৪ বছর পর আবার এ মাঠে নামছেন টাইগাররা। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে এ ম্যাচ। তবে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সিরিজটি সম্প্রচারের দায়িত্ব নেয়নি তাই টিভিতে দেখা যাবে না। তবে এ খেলাটি বিনা মূল্যে দেখা যাবে আইসিসি টিভিতে।
এদিকে ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য জীবন-মৃত্যুর লড়াই। কেননা এ সিরিজে যদি বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। তবে বাংলাদেশের এমন কোনো শঙ্কা নেই কেননা টাইগাররা আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছেন। আইরিশরা যদি বাংলাদেশকে হারাতে ব্যর্থ হয় তাহলে অষ্টম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নিবে দক্ষিণ আফ্রিকা।
এর আগে নিজেদের দেশে প্রবল বৃষ্টির শঙ্কা থাকায় আইরিশরা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজটি আয়োজন করেছে ইংল্যান্ডে। তবে সেখানেও বৃষ্টি যেন তাদের পিছু ছাড়েনি। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টির কারণে। এছাড়া গোটা সিরিজ জুড়েই থাকবে বৃষ্টির চোখ রাঙানি এমনটি জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এই বৃষ্টির কারণেই বাংলাদেশ দল এ সিরিজকে সামনে রেখে আগেভাগে ইংল্যান্ডে গেলেও পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করতে পারেনি বৃষ্টির কারণে।
ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের অনুশীলন ক্যাম্প করেছিলেন টাইগাররা তবে সেখানে যাওয়ার পর যেই মাঠে তাদের সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে অনুশীলন করতে পারেননি টাইগাররা। কারণ সেসময় চেমসফোর্ডের মাঠটিতে চলছিল এসেক্সের কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলা।
এ সিরিজে নিজেদের প্রস্তুতির বিষয়ে এর আগে গত রবিবার বিসিবির এক ভিডিও বার্তায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, মানসিক প্রস্তুতির ভরসায় লড়াইয়ে নামবেন তারা। কারণ তারা সেখানে গিয়ে মাঠে কেবল একবারই অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন, বাকি সব অনুশীলনই করেছেন ইনডোরে। ভিডিও বার্তায় অধিনায়ক বলেন, ‘আসলে এসব জিনিস (বৃষ্টি) তো আমাদের নিয়ন্ত্রণে নেই। হয়তো বা সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি আবহাওয়ার কারণে। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, যেমন আজকে ইনডোরে, এখানে আসার পর এক দিন বিরতির পর অনুশীলন করতে পেরেছি যতটুকু প্রস্তুত হওয়া সম্ভব, আমরা চেষ্টা করছি সবাই। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। মানসিকভাবে আমরা যতটুকু প্রস্তুত হতে পারি। তবে লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা...তার পর দেখা যাক।’
অন্যদিকে বাংলাদেশকে আইরিশরা আতিথেয়তা দেবে পূর্ণশক্তি নিয়েই। আর তাইতো তারা তাদের সেরা বোলার জস লিটলকে ইতিমধ্যে দলের ফিরিয়ে নিয়ে এসেছে। গেল মার্চ মাসে আইরিশরা যখন বাংলাদেশ সফরে এসেছিল সেসময় লিটলকে তারা আইপিএলে খেলার জন্য ছেড়ে দিয়েছিল তবে গুরুত্বপূর্ণ সিরিজ হওয়ায় টুর্নামেন্টটির মাঝপথেই তাকে নিয়ে এলো। একই সঙ্গে ইনজুরি মুক্ত হয়ে দলে ফিরেছেন ক্রেইগ ইয়াং। এছাড়া বাংলাদেশ সফরে থাকা টম মায়েস, ম্যাথু হামফ্রেজ ও বেন হোয়াইটও দল থেকে বাদ পড়েছেন সিরিজে।