ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে গোসল করতে গিয়ে খালে ডুবে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের স্বনির্ভর খাল থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম তামান্না আক্তার (৯)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে তামান্না আক্তার বাড়ির পাশের স্বনির্ভর খালে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরেও বাড়ি না ফেরায় খোঁজ করা হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিহতের মা মাসুমা বেগম জানান, আমার মেয়ে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজার পরে ওইদিন বিকালে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় খালে স্থানীয়রা লাশের সন্ধান পায়।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থলে যাই। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।