বাল্যবিয়ের দায়ে বর-কনেসহ আটজনকে দণ্ড

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে বাল্যবিয়ের দায়ে দুই দিনে বর, কনেসহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান ঘটনাস্থলে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনেকে (১৩) এক মাস, বর সাইফুল ইসলামকে দেড় বছর, কনের বাবাকে এক বছর এবং বরের ভগ্নিপতি লিটন মোল্যা, কবির হোসেন ও নূরুনবীকে এক বছর করে কারাদণ্ড দেন। এদিকে শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান একই গ্রামের আরো একটি বাল্যবিয়ের কথা জানতে পেরে বর ইসমাইল সরদারের ছেলে হাসান সরদার (১৭) ও শরিয়তপুরের জাজিরা উপজেলার রায়েরকান্দি গ্রামের কনেকে (১৫) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দিয়ে তাদেরকে ভেকুটিয়া সেন্ট্রাল হোমে পাঠিয়ে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।