সাফে খেলতে চায় হংকং

সাফ চ্যাম্পিয়নশিপের আট দেশ নিশ্চিত হয়ে গেছে সোমবার (৮ মে)। এদিকে মঙ্গলবার (৯ মে) আরো একটি দেশ, হংকং সাফে খেলতে চায়। এরই মধ্যে চিঠি দিয়ে জানিয়েছে ঢাকায় সাফের অফিসকে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল খানিকটা বেকায়দায় পড়ে গেছেন। এতদিন দেশ পাচ্ছিলেন না, আর এখন লাইন লেগেছে।

এখন খেলতে চাইলেও কিছু করার নেই। হংকংকে না করে দিয়েছে সাফের অফিস। সৌদি আরব এবং মালয়েশিয়া যখন সাফে খেলতে রাজি হলো না, তখন ভিন্ন দেশ খুঁজছিল। একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। সময় বেঁধে দিয়েছিল, ১৫ জুনের মধ্যে নাম এন্ট্রি করতে হবে। এরই মধ্যে লেবানন জানিয়ে দিল তারা খেলবে। নামও চূড়ান্ত করে নিল সাফ। গতকাল অফিসে গিয়ে আনোয়ারুল হক হেলাল জানতে পারেন হংকং খেলতে চায়। ফিফার র‍্যাংকিংয়ে ১৪৭ নম্বরে রয়েছে হংকং। 

আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা আমন্ত্রণ পাঠিয়েছিলাম অনেক দেশকে। লেবাননকে পেয়েছি। আর কোনো দেশকে আমরা নিতে চাই না। হংকং নাকি জরুরি সভা করে সিদ্ধান্ত জানিয়েছে। আমরা আগেই জানিয়ে দিয়েছে, আমাদের আট দেশের কোটা কমপ্লিট হয়ে গেছে।’ 

তিনি বলেন, ‘দুইটার বেশি দেশ নেওয়া যায় না। তাহলে তো সাফ আর সাফ থাকল না।’ সাফের ড্র কবে হবে সেটি নিশ্চিত করতে পারছেন না হেলাল। বেঙ্গালুরুতে সাফ শুরু হবে আগামী ২১ জুন।  সেই শহরেই ড্র অনুষ্ঠিত হবে। কবে কখন হবে সেটি নিশ্চিত করতে ভারতের সঙ্গে কথা বলতে চায় সাফ। 

ঢাকা থেকে ড্রয়ের নিয়মটা জানিয়ে দেওয়া হবে। পট এক-এ লেবানন, ভারত। দুইয়ে মালদ্বীপ, কুয়েত, তিনে নেপাল, ভুটান, চারে বাংলাদেশ, পাকিস্তান। পট এক-এ লেবানন, ভারত থাকলেও ভারত স্বাগতিক হওয়ার কারণে এক নম্বর গ্রুপে থাকবে ভারত। দুই নম্বর গ্রুপে থাকবে লেবানন। বাকি তিন পটের থেকে লটারির মাধ্যমে দুই গ্রুপে ফেলা অন্য দলগুলোকে। 

এদিকে, ৯-১৮ অনুষ্ঠিতব্য ভারতের টুর্নামেন্টে খেলতে আসবে লেবানন। সে কারণে লেবানন সহজেই সাফে খেলতে আগ্রহ নিয়ে এসেছে।