পটুয়াখালীর কুয়াকাটায় চাঁদাবাজির অভিযোগে চায়না সিকো কোম্পানির ৪৮নং পোল্ডারের দোভাষী জিসানকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ মে) বিকেলে কুয়াকাটার একটি আবাসিক হোটেলের রিসিপশন কক্ষ থেকে নগদ ৮০ হাজার টাকাসহ তাকে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল। আটককৃত দোভাষী জিসান বরগুনা জেলার পাথরঘাটার কাঠালিয়ার আবুল হোসেনের ছেলে।
মামলার বাদি লতাচাপলীর তেল ব্যবসায়ী মহসিন বিশ্বাস ও মামলা সূত্রে জানা যায়, মা এন্টারপ্রাইজ চায়না প্রজেক্টের ৪৮ পোল্ডারে কোটেশন দাখিল করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়ে তেল সরবারহ করছিলো।
একপর্যায়ে দোভাষী জিসান হাওলাদার তাদের কাছে প্রতি গাড়িতে ২০ হাজার টাকা চাঁদাদাবি করেন। চাঁদা দিতে প্রথমে অপারগতা প্রকাশ করলে চায়নাদের ভুল বুঝিয়ে তাদের বিল আটকে দেয়।
পরে নিরুপায় হয়ে বিভিন্ন সময় তেল বিক্রেতা প্রতিষ্ঠানটি ঐ দোভাষী জিসানকে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করে। পরে চাঁদা দিতে বিলম্ব হওয়ায় আবার তাদের বিল আটকে দেয় এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে বিল পাওয়ার জন্য তারা চাঁদার টাকা প্রদানের কথা বলে জিসানকে কুয়াকাটার একটি হোটেলে ডাকেন এবং তাকে পুনরায় ৮০ হাজার টাকা প্রদান করে ডিবি পুলিশকে অবগত করেন।
পুলিশ খবর পেয়ে ৮০ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে। পরে মহিপুর থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
এছাড়া আটককৃত ঐ দোভাষীর বিরুদ্ধে কাজ পাইয়ে দেওয়া, ঠিকাদারদের কাছ থেকে কমিশন গ্রহণ, অকারণে চায়নাদের ভুল বুঝিয়ে বিভিন্ন শ্রমিকদের চাকুরিচ্যুত, বরিশালের প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্নস্থানে প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে।
মহিপুর থানার ওসি খোন্দকার মো: আবুল খায়ের জানান, তার বিরুদ্ধে মহিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।