বৃষ্টি আইনে গাজীর কাছে আবাহনীর হার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে আবারও অঘটনের জন্ম দিলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। বুধবার (১০ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি আইনে গাজী গ্রুপ ৬ উইকেটে হারিয়েছে আবাহনীকে। আবাহনীর হারে শিরোপা জয়ের আশা জাগলো শেখ জামালের। এ ম্যাচের আগে আবাহনীর চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে ছিলো শেখ জামাল। আবাহনীর হারের বিপরীতে এই রাউন্ডে জয় পায় শেখ জামাল। এতে ১৫ ম্যাচ শেষে আবাহনী ও শেখ জামালের পয়েন্ট এখন সমান ২৬ করে।

প্রথমে ব্যাট করে ৪৭ ওভার ২ বলে ২৪৬ রানে অলআউট হয় আবাহনী। জবাবে ৪১ ওভারে ৪ উইকেটে ২০৯ করে গাজী। এরপর বৃষ্টির কারনে বন্ধ হয় খেলা। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ৪৫ ওভারে ২১৪ রানের নতুন টার্গেট পায় গাজী। নতুন লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫ বল খেলে টার্গেট স্পর্শ করে জয়ের স্বাদ পায় গাজী। ৯৫ বলে অনবদ্য ৮৫ রান করে গাজীর জয়ে অবদান রাখেন আসাদুল্লাহ আল গালিব। ১১টি চার মারেন তিনি।

১৯ বলে ৩০ রান করে গাজীকে ঝড়ো শুরু এনে দেন ওপেনার মেহেদি মারুফ। ষষ্ঠ ওভারে ৪৪ রানে মারুফসহ আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানকে হারায় গাজী। তিন নম্বরে নামা ফরহাদ হোসেনকে ২৩ রানে শিকার করে গাজীর তৃতীয় উইকেটের পতন ঘটান খুশদিল শাহ। এতে ৩ উইকেটে ৮৭ রানে পরিণত হয় গাজী।

চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে গাজীর জয়ের পথ সহজ করেন গালিব ও এসএম মেহেরব। মেহেরবকে ৫২ রানে শিকার করে জুটি ভাঙ্গেন আবাহনীর স্পিনার তানভীর ইসলাম। অন্যপ্রান্ত আগলে গাজীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গালিব। তার সঙ্গে ১৩ রনে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি। আগামী ১৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও শেখ জামাল। ঐ ম্যাচটি শিরোপা নির্ধারন করবে।