‘রান তাড়া করতে ভুলে গেছে ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক

মাত্র ২৩৩ রানের লক্ষ্যও তাড়া করতে পারল না। লাসিথ মালিঙ্গার বোলিং দাপটে হেরে গেল ২০ রানের ব্যবধানে। বেন স্টোকসের অপরাজিত ৮২ রানের ইনিংসয়ের পরও ফেবারিট ইংল্যান্ডকে ধসিয়ে দিতে মূল ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার এই ‘বুড়ো’ ফাস্ট বোলার। তিনি একাই ৪৩ রানে চার উইকেট দখল করেন।

এই ম্যাচের পর ইংল্যান্ডের শেষ চারে ওঠার সমীকরণ বেশ কঠিন হয়ে গেছে। তিনি স্বাভাবিক ভাবেই হতাশ। তিনি আক্ষেপ করে মন্তব্য করলেন, রান তাড়া করতেই যেন ভুলে গেছে ইংল্যান্ড।

তিনি বলেন, ‘ইংল্যান্ড রান তাড়া করতেই ভুলে গেছে। যে কোনো ম্যাচ জয়ের জন্য বড় জুটি দরকার। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু, শ্রীলঙ্কার বিপক্ষে সেটা আমরা করতে পারিনি। দুই ওপেনার ভালো শুরু এনে দিতে পারেনি। রুট বড় ইনিংস খেলার চেষ্টা করেছে। কিন্তু পরের দিকে স্টোকস ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি।’

মরগ্যান মনে করেন, ৮২ রান করা বেন স্টোকসকে কেউ সঙ্গ দিতে পারলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘স্টোকস ভালো ব্যাটিং করেছে। তাকে কেউ সঙ্গ দিলেই ম্যাচ বের হয়ে আসত। জুটি গড়তে না পারার কারণেই ম্যাচ হারতে হয়েছে আমাদের। তাই এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ব্যাটসম্যানদের আরো সতর্ক হতে হবে।’

পরাজয়ের জন্য সহ-অধিনায়ক জশ বাটলারও ব্যাটিং লাইনআপকেই দুষলেন। তিনি বলেন, ‘আমরা ব্যাটিংয়ে খুব বাজে করেছি। আমাদের মধ্যে এনার্জির যথেষ্ট অভাব ছিল। আমি এটা বলছি না যে, আমরা যথেষ্ট চার-ছক্কা হাঁকাতে পারিনি। আমি বলছি, ম্যাচ জয়ের জন্য আমাদের প্রতিপক্ষের বোলারদের ওপর যেমন চাপ প্রয়োগ করার দরকার ছিল—সেটা আমরা পারিনি। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার পর আমরা নিজেদের মানসিকতাটা ওদের সামনে প্রকাশ করতে পারিনি। অনেকদিন পর আমরা এমন হতাশাজনক ক্রিকেট খেললাম।’

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ছয় খেলায় আট পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানেই রয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে দ্বিতীয় হারের পরও ঘুড়ে দাঁড়ানোর আশা করছেন ইংলিশ অধিনায়ক মরগ্যান। তিনি বলেন, ‘আমরা বাকি ম্যাচগুলোতে শক্তভাবেই ফিরে আসব। এটি বড় টুর্নামেন্ট। প্রত্যেক ম্যাচেই সুযোগ থাকে। তাই পরের ম্যাচেই আমরা ঘুড়ে দাঁড়াব। সেমিফাইনালে খেলতে হলে পরের দিকে আমাদের জিততে হবে।’

স্বাগতিক ইংল্যান্ডের সামনে এখন শক্ত পরীক্ষা অপেক্ষা করছে। আগামী ২৫ জুন, মঙ্গলবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে এরই মধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে অ্যারন ফিঞ্চের দল। সেই ম্যাচের আগে দলকে কঠিন এক বার্তাই দিয়ে রাখলেন  অধিনায়ক মরগ্যান।

তিনি বলেন, ‘দলের কাছে আমার বার্তাটা পরিষ্কার। আগে আমাদের বেসিক ব্যাপারগুলো ঠিক করতে হবে। ভালো খেলার প্রশ্ন আসবে এরপর। আমি জানি না কেন এটা হচ্ছে না। এটা বিশ্বকাপ, এখানে সবগুলো ম্যাচই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আর এটাও সত্যি যে, আমরা সবগুলো ম্যাচ জিততে পারব না। তবে, আমরা যে বিশ্বের অন্যতম শক্তিশালী দল সেটা প্রমাণ করার সময় আবারো চলে এসেছে।’