‘বোলিংই জেতাবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ’

অভিমত

অ্যালান বোর্ডারের

স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে ছয় ম্যাচ থেকে পাঁচটিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। শেষ চারের টিকিট মোটামুটি নিশ্চিত করে ফেলেছে অ্যারন ফিঞ্চের দল। এমন অবস্থায় আগামী মঙ্গলবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সাবেক অজি অধিনায়ক অ্যালান বোর্ডার জানালেন বোলিংই ফলাফল নির্ধারণ করবে ম্যাচটির। যদিও, ম্যাচটা ইংল্যান্ডের জন্য হবে বাঁচা-মরার লড়াই।

ইংল্যান্ডকে হারিয়েই ১৯৮৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিলো অস্ট্রেলিয়া। সেবারের অধিনায়কও ছিলেন এই বোর্ডারই। তার মতে ক্রিকেটের প্রাচীন এই দ্বৈরথে দারুণভাবে তৈরি হয়েই পা রাখছে অ্যারন ফিঞ্চের দল।

আইসিসি মিডিয়াকে বোর্ডার বলেন, ‘সেমিফাইনালের আগে এসব দ্বৈরথগুলো গভীর হয়ে থাকে। এটা দুই দলের সামর্থ্যের ভালো একটা পরীক্ষা হতে যাচ্ছে। ইংল্যান্ড দারুণ ছন্দে আছে এবং চলতি প্রতিযোগিতার হট ফেভারিট তারাই।’

ইংলিশদের বিপক্ষে জিততে হলে বোলিংয়ে ভালো করতে হবে অজিদের, অভিমত বোর্ডারের। তিনি বলেন, ‘খেলাটা জেতাতে কিংবা হারাবে বোলিংই। যদি ইংলিশ আক্রমণের বিপরীতে নিজেদের জায়গাটা ধরে রাখতে পারে তবে চাপটা ইংল্যান্ডের উপর পাঠিয়ে দিতে পারে তাহলে ম্যাচটা জেতা সহজ হয়ে যাবে। দুই দলেরই বড় রান করার সামর্থ্য আছে আর তাই যেই সুযোগ কাজে লাগাতে পারবে, সেই জিতবে।’

দলের বাঁহাতি বোলার মিশেল স্টার্ক ১৫ উইকেট নিয়ে বর্তমানে প্রতিযোগিতাটির সর্বোচ্চ উইকেট শিকারী। তবে বোর্ডার মনে করেন অফস্পিনার নাথান লিঁও দলকে বাড়তি সুবিধা দিতে পারেন। ৩১ বছর বয়সি এই স্পিনার অবশ্য চলতি বিশ্বকাপে এখনো দলে জায়গা পাননি। ইংল্যান্ডের বিপক্ষে তাকে ব্যবহার করতে দলকে পরামর্শ দিলেন বোর্ডার।

তিনি বলেন, ‘আমরা এখনো পুরো ১০০ ওভারজুড়ে পারফর্ম করতে পারিনি আর আমার মাথায় একটা কণ্ঠ ক্রমাগত বলেই যাচ্ছে ‘নাথান লায়নকে দুটি ম্যাচে ব্যবহার করে দেখো’। সে একজন উইকেট শিকারী এবং সে জানে কি করে ব্যাটসম্যানদের ফেরাতে হয়। টেস্টে বোলিং করা অবশ্যই ভিন্ন কিন্তু লায়ন একজন আক্রমণাত্মক বোলার। এখনকার দিনে প্রতিপক্ষ স্পিনারদের আক্রমণ করার একটা প্রবণতা আছে খেলোয়াড়দের। এটা দুইভাবেই কাজ করতে পারে। কিন্তু মুদ্রার অন্য পিঠ বলে যে প্রতিযোগিতায় জিততে হলে একজন আক্রমণাত্মক মানসিকতার খেলোয়াড় প্রয়োজন আপনার, যে আপনাকে প্রতিপক্ষকে সীমা ছাড়াতে দেবে না।’