সিরাজগঞ্জে ক্রমশ বেড়েই চলছে মাছ, মাংস, সবজিসহ নিত্যপণ্যের দাম। এতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষদের।
বাজার সূত্রে জানা যায়, ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকা হালি অথচ কয়েক দিন আগেও ছিল ৪০ টাকা হালি০। কয়েকদিন আগে বেগুনের দাম ছিল ৩০/৩৫ টাকা কেজি অথচ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। পিয়াজ প্রতি কেজি ৬০/৬৫ টাকা, আলু ৩৮ থেকে ৪৫ টাকা কেজি, আদা ২৪০ টাকা কেজি, রসুন ১৬০ টাকা কেজি, কাচা মরিচ ১৩০/ ১৪০ টাকা কেজি।
এছাড়া সোনালী মুরগি ৩২০ টাকা কেজি, ব্রয়লার ২২০ টাকা কেজি, দেশি ৫২০ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা কেজি, খাসির মাংস ১ হাজার টাকা কেজি। তবে অভিযোগ রয়েছে অনেক বিক্রেতা সুযোগ বুঝে বেশি দামে মুরগি বিক্রি করছে।
সিরাজগঞ্জে শহরের বড় বাজার এলাকায় বাজার করতে আসা শফিকুল ইসলাম জানান, বাজার করতে এসে হতাশ হয়ে পরেছি। নিত্যপণ্যের দাম এতো বেশি চিন্তাই করা যায়না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজার করতে এসে হিমশিম খাচ্ছি। দাম বৃদ্ধি পাওায় চাহিদার চেয়ে কম পরিমানে পণ্য কিনতে বাধ্য হচ্ছি। শহরের ব্যবসায়ীরা জানান, আমরা পণ্যের দাম বাড়াইনা তবে আমরা যেভাবে মাল কিনি সেভাবেই বিক্রি করি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি জানান, আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। কোনো ব্যবসায়ী পণ্যের মূল্য বেশী নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।