স্পোর্টস ডেস্ক
চলতি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে হেরে দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতাটি বেশ বাজেভাবেই শুরু করেছিল। এরপর বিশ্বকাপের আগে সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ফিরতে চাওয়া আর ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সেই প্রস্তাব প্রত্যাখ্যানের খবর প্রকাশিত হলে আলোচনার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। তবে সমপ্রতি দলটির সাবেক কোচ রে জেনিংস জানিয়েছেন এমন খবরে মোটেও বিশ্বাস নেই তার। একে অবান্তর বলেও আখ্যা দিয়েছেন তিনি!
গেল বছর পরিবারকে সময় দেবার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভিলিয়ার্স। এরপর অবশ্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলে গেছেন তিনি। তবে কিছুদিন আগে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানায় যে, দল ঘোষণার ২৪ ঘণ্টা আগে বোর্ডের কাছে জাতীয় দলে ফেরা এবং বিশ্বকাপে খেলার প্রস্তাব জানিয়েছিলেন তিনি যা প্রত্যাখ্যান করে বোর্ড।
সম্প্র্রতি নেটওয়ার্ক২৪ কে দেয়া এক সাক্ষাত্কারে জেনিংস বলেন, ‘এবি খুবই আন্তরিক একজন মানুষ এবং অবশ্যই স্বার্থপর নয় সে। সে দল ঘোষণার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত নিজের ফেরার ঘোষণা দিতে অপেক্ষা করবে, এমন খবর অবান্তর এবং আমি তা বাজি ধরে বলতে পারি। এটা অর্থহীন।’
তিনি আরো বলেন, ‘এমনটা কেভিন পিটারসেন কিংবা গ্রায়েম স্মিথের মতো একগুয়ে কারো কাছ থেকে আমি আশা করতে পারি, কিন্তু ভিলিয়ার্স থেকে নয়। আমি তাকে খুব ভালো করেই চিনি এবং আমি জানি যে, সে এমন কিছু করবে না। পর্দার পেছনে হয়তো আরো গল্প আছে যা মানুষের সামনে আসা প্রয়োজন।’