বেঙ্গলে তরুণ শিল্পীদের নিয়ে ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’

ইত্তেফাক রিপোর্ট

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে অযান্ত্রিক ও আনসিন শিরোনামের দলগত দুটি প্রদর্শনী। গতকাল শনিবার বিকেলে প্রদর্শনী যুগ্মভাবে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকি। সভাপতিত্ব করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। উদ্বোধন শেষে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ২০১৮ প্রদান করা হয় শিল্পী জুয়েল-এ-রবকে।

‘অযান্ত্রিক’: বিজ্ঞানের অগ্রগতির বিরূপ প্রভাব পড়ে প্রকৃতিতে। উন্নয়নের অপর পাতায় প্রকৃতি ধ্বংসের বিবরণ লেখা থাকে। আমরা একদিকে যেমন উন্নত হচ্ছি অন্যদিকে এই পৃথিবীর স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে আমারা হয়ে পড়ছি যন্ত্র নির্ভর। ঋত্বিক ঘটক সুবোধ ঘোষের ছোট গল্প অবলম্বনে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘অযান্ত্রিক’। সেই চলচ্চিত্রকে উপজীব্য করেই এই শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন। কিউরেট করেছেন জিহান করিম। বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় সুবীর চৌধুরী প্রদর্শনশালায় শুরু হয়েছে এ প্রদর্শনী। দলবদ্ধ এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী ঈশিতা মিত্র, ফাহিম হাসিন শাহান, ফামি, হাসান মামুন, কুমার বিশ্বাস, মুনেম ওয়াসিফ, পলাশ ভট্টাচার্য ও রাজীব দত্ত। প্রদর্শনী চলবে ৩ আগস্ট পর্যন্ত।

আনসিন: একই দিনে বেঙ্গল শিল্পালয়ের দ্বিতীয়তলায় কামরুল হাসান প্রদর্শনশালায় শুরু হয়েছে আরেকটি প্রদর্শনী ‘আনসিন’। এ প্রদর্শনী কিউরেট করেছেন মুস্তফা জামান এবং শর্মিলী রহমান। প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী আব্দুস সালাম, আবির সোম, ইমরান সোহেল, হাদি উদ্দিন, জুয়েল এ. রব, মারজিয়া ফারহানা, মিজানুর রহমান চৌধুরী, মুস্তফা জামান, রাজীব দত্ত, সানজিদ মাহমুদ, শিরিন আখতার, সৈয়দ মুহাম্মদ জাকির ও ইয়াসমিন জাহান নূপুর। প্রদর্শনী চলবে ৩ আগস্ট পর্যন্ত।