রাজারহাটে সড়ক দুর্ঘটনায় মেধাবী স্কুলছাত্রীর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির মেধাবী এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম লতিফা বেগম। স্কুলছাত্রীর মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজো সকাল সাড়ে ১০টায় লতিফা চর খিতাবখাঁ সরকারী বিদ্যালয়ে আসছিল। পথিমধ্যে ট্রাক্টরের ধাক্কায় ট্রাক্টরের সামনের চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাক্টরটি আটক করে। তবে চালক করিম উদ্দিন পালিয়ে যায়।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরের মালিক আনসার আলীকে (৫২) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

লতিফা বেগম উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম নামাভরট গ্রামের নুর ইসলামের কন্যা। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু