১৪ বছর ধরে রাতে খান না মনোজ বাজপেয়ী

এক দশকের বেশি সময় ধরে রাতে না খেয়ে থাকেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী । স্বাস্থ্যের জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতা । আজও নিজেকে ভালো রাখতে সেই নিয়ম মেনে চলছেন!

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি কার্লি টেলকে দেয়া সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেছেন, গত ১৪ বছর ধরে রাতে কিছু খান না। রাতে কেন খাওয়া ছেড়ে দিয়েছেন তার উত্তরে মনোজ বলেন দাদুর থেকে তিনি এটা শিখেছেন।

মনোজের কথায়, '১৩-১৪ বছর হয়ে গেল যে আমি ডিনার করি না। আমার দাদু খুব রোগা ছিলেন। কিন্তু হলে কী হবে উনি ভীষণ সুস্থ থাকতেন, খুব ফিট ছিলেন। ওর থেকেই আমি অনুপ্রেরণা পেয়েছিলাম। আমি তখনই ঠিক করে নিই যে আমার দাদু যা যা খেতেন আমিও তাই তাই খাব। তারপর আমি যখন তাকে দেখা দেখি রাতে খাওয়া ছেড়ে দিলাম আমার ওজন কমতে শুরু করল। একই সঙ্গে এনার্জি যেন অনেক বেড়ে গেল। নিজেকে স্বাস্থ্যবান বলে মনে হতে থাকে। একবার যখন এটা দেখলাম কাজ করছে, তখন সেই থেকেই এটা মেনে চলি।'

মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, 'আমি কখনও ১২ ঘণ্টা না খেয়ে থাকি, কখনও ১৪ ঘণ্টা। রাতের খাবার খাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিতে থাকি। দুপুরের খাবার পর আমার রান্নাঘরে আর কোনও কাজ হয় না। কেবল আমার মেয়ে হোস্টেল থেকে ফিরলে তখন নিয়মের কিছু বদল হয়।'

এছাড়া তিনি জানান প্রথম প্রথম খুব কষ্ট হতো। তাই খিদে কমানোর জন্য তিনি তখন প্রচুর পরিমাণে পানি খেতেন, সঙ্গে কিছু বিস্কুট খেতেন।

শীঘ্রই  মুক্তি পেয়েছে  মনোজ বাজপেয়ী অভিনীত ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির ট্রেলার। এখানে তাকে একজন উকিলের চরিত্রে দেখা যাবে। আগামী ২৩ মে মুক্তি পাবে এই ছবি।