চট্টগ্রামে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজা নিয়ে জামায়াত-শিবির ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর চট্টগ্রাম কলেজের মাঠে এই ঘটনা ঘটে। পরে পুলিশী পাহারায় দ্রুত জানাজা সম্পন্ন হয়।
জানা যায়, শুক্রবার রাতে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী মারা যান। গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড ময়দানে) তার জানাজার আয়োজন করেন পরিবার। তিনি চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিনের শ্বশুর। নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ আবুল হাসান বলেন, সংসদ সদস্য নদভী তাকে ফোন করে কলেজ মাঠে জানাজার জন্য পুলিশ কমিশনারের অনুমতি নেওয়া হয়েছে বলে জানান। জানাজায় তাকে সহযোগিতা করার অনুরোধ করেন। সে সময় কলেজ অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান চলছিল। বিষয়টি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানতে পারলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা প্রতিরোধের ডাক দেয়। তারা লাঠিসোটা ও রড নিয়ে জানাজার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে কয়েকজনের মাথা ফেটে যায়।
চকবাজার থানার ওসি নিজামউদ্দিন বলেন, ‘যেহেতু তিনি জামায়াত নেতা। তাই জানাজায় জামায়াত-শিবিরের লোকজন এসেছিল। ছাত্রলীগ মিছিল নিয়ে মাঠের দিকে আসতে চাইলে দুই পক্ষই মারমুখী হয়ে ওঠে। আমরা মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’