রোহিঙ্গারা অব্যাহতভাবে মিয়ানমার সেনাদের নিপীড়নের শিকার হচ্ছে --------- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গারা ধারাবাহিকভাবে সেনাবাহিনীর সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছে। লাখ লাখ রোহিঙ্গা নিপীড়নের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনাকীর্ণ আশ্রয় শিবিরে বসবাস করছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন-২০১৮ প্রকাশ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা বলেন। মার্কিন কংগ্রেসের অনুমোদনপ্রাপ্ত এই প্রতিবেদনে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করা হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক জানান, তিনি বারবার রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং ট্রাম্প প্রশাসন রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার প্রচেষ্টা  অব্যাহত রেখেছে। এদিকে ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুত করা ও ভূমি দখল ঠেকাতে সরকারের পদক্ষেপ এখনো যথেষ্ট নয়। যদিও উত্সব ও অনুষ্ঠানের সময় ধর্মীয় উপাসনালয়গুলোকে সহিংসতামুক্ত রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করছে।

গত বছরের জুনে অসাম্প্রদায়িক লেখক শাহজাহান বাচ্চু খুন হয়েছেন। এ ঘটনায় আল কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা যুক্ত থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী গত বছর সংখ্যালঘুদের ওপর হামলায় একজন নিহত হয়েছে এবং মোট ৩৪টি সহিংস হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন।