কুমিল্লা ইপিজেডে ফের অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মালামাল-যন্ত্রপাতি

কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলস লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনার আড়াই মাসের মাথায় ইটাসিয়া ইন্টারলাইনিংস্ লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার চতুর্থ তলার মালামাল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনা তদন্তের জন্য কুমিল্লা ইপিজেডের উপ-মহাব্যবস্থাপক (হিসাব) মো. আনিছুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। এবং কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

ইটাসিয়া ইন্টারলাইনিংস্ লিমিটেড বাংলাদেশি মালিকানাধীন শতভাগ রপ্তানিমুখী ইন্টারলাইনিং গার্মেন্টস পণ্য উত্পাদনকারী একটি শিল্প প্রতিষ্ঠান। ২০১০ সালের ১৭ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি উত্পাদন কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত প্রায় ৩১ কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি রপ্তানি করেছে প্রায় ৪৬০ কোটি টাকা।