টাঙ্গাইলে জমির বিরোধে কৃষককে গুলি করে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। রোববার (১৪ মে) সকালে উপজেলার কালমেঘা সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার কালমেঘা সিন্দুরিয়া গ্রামের খসরু মিয়ার ছেলে। নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল মোল্লাকে প্রধান করে অন্তত ১০ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

জানা গেছে, প্রায় ১৪/১৫ বছর পূর্বে ইসমাইল হোসেন বাড়ির পাশে একটি আবাদী জমি ক্রয় করেন। সম্প্রতি এক বছর যাবৎ বিএনপি নেতা আজিজুল মোল্লা ও তাদের বংশের লোকজন ওই জমি নিজেদের বলে দাবি করে আসছেন। রোববার সকালে ১৫-২০ জন লোক নিয়ে আজিজুল মোল্লা ও তার অনুসারীরা দেশীয় ও আগেয়াস্ত্র নিয়ে ইসমাইল হোসেনের রোপন করা ধান কাটতে ওই জমিতে যায়। এ সময় তিনি বাধা দিতে গেলে গুলিবৃদ্ধ হয়ে খুন হন।

এ বিষয়ে নিহতের ছেলে মামুন মিয়া বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল মোল্লা আমার বাবাকে কপালে গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই। এছাড়াও আমার ফুফাতো ভাই দুলু মিয়াকে (৪০) কুপিয়ে গুরুতর আহত করে। দুলু মিয়া বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
              
রাজা মিয়া ও তাহের মিয়া নামে প্রত্যক্ষদর্শী বলেন, আজিজুল মোল্লা ও তোফাজ্জল মোল্লাসহ তিন জনের হাতে তিনটি রিভলভার ছিল। একপর্যায়ে আজিজুল মোল্লা ইসমাইলের মাথায় গুলি করে। এ সময় তিনি মাটি লুটিয়ে পড়েন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সায়হাম বলেন, নিহতের কপালে ছোট ছিদ্র রয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের কপালে গুলি সাদৃশ্য ক্ষত রয়েছে। এতে রক্ত ঝরছিল।