নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলা থেকে এক মাদ্রাসাছাত্রী অপহৃত হয়েছে ৬ দিন হলো। তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উপরন্তু অপহরণকারীরা মোটা অংকের টাকার দাবির পাশাপাশি মামলা না করার জন্য অপহৃত ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
শনিবার বিকালে অপহৃত মেয়েটির বাবা সাংবাদিকদের কাছে এ তার অসহায়ত্বের কথা তুলে ধরে এসব তথ্য জানান।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বালাপাড়া গ্রামের কৃষক আব্দুল হামিদের মেয়ে হাদিকা আক্তার (১৫)। সে এলাকার দক্ষিণ মেলাবর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। ১৭ জুন সোমবার বেলা ৩টার দিকে মেয়েটি মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিলো। পথে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মিনারুল ইসলামসহ (২৪) তার ভাড়া করা সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে জোরপূর্বক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।
এ সময় প্রত্যক্ষদর্শী মাদ্রাসার অন্য ছাত্রীরা অপহরণের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এমনকি ওই পথ দিয়ে যাওয়া পথচারী মেলাবর গ্রামের তালেবুর রহমান (৪০) অপহরণকারীদের কাছ থেকে মেয়েটিকে উদ্ধারে ব্যর্থ হন।
ঘটনার দিন বিকালে অপহরণের ঘটনা নিয়ে মেয়েটির বাবা কিশোরগঞ্জ থানায় তার মেয়ে অপহরণের ঘটনায় এজাহার দাখিল করেন।
মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, ‘অপহরণকারীরা মোটা অংকের টাকা দাবি করছে। এ ঘটনায় মামলা না করার জন্য হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপক্তাহীনতায় ভুগছি।’
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে সেমিনার ও কর্মশালা
বিষয়টি নিয়ে সাংবাদিকরা অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পালের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘পুরো ঘটনাটি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
ইত্তেফাক/নূহু