জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বহিরাগত দুই যুবককে আটক করা হয়েছে। রোববার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।
আটকরা হলেন ঢাকার মিরপুরের বাসিন্দা মো. শাজাহান মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (২৮), তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় এবং ঝালকাঠি জেলার বাসিন্দা মো. মোফাজ্জেল হোসেন খানের ছেলে মেজবাহ উদ্দিন আহমেদ (২৮)।
অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাইমুল আলম মিশুর পরিচিত। মিশুর মাধ্যমে তাদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, রাকিব ও মেজবাহ আমার বাসায় আসলে আমি তাদের জন্য রান্না করতে যাই। তবে রান্না করার একপর্যায়ে আমি অসুস্থার কারণে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভাঙার পর দেখি রাকিব আপত্তিকর অবস্থায় আছে। পরে আমি চিৎকার দিয়ে পাশের রুমে চলে যাই। এরপর আমার বন্ধুদের ফোন দিলে তারা এসে তাদের ধরে নিয়ে যায়।
তবে ধর্ষণ চেষ্টার ঘটনা স্বীকার করেন অভিযুক্ত মো. রাকিব হোসেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
আশুলিয়া থানার এসআই সোহেল রানা খন্দকার বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা করা হবে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দোষ স্বীকার করেছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।