স্ট্রিমিং সার্ভিসগুলো এখন কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক পাচ্ছে না। ফলে তারা তাদের খরচ কমানোর কথা ভাবছে। ইতোমধ্যে নেটফ্লিক্স এ বিষয়ে একটি ঘোষণা দিয়েছে।
ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুসারে, নেটফ্লিক্স চলতি বছর ৩০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ কমাবে। যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের পরিকল্পনা আপাতত তারা বন্ধ রাখছে। এভাবে কিছুটা খরচ কমানো সম্ভব হবে তাদের পক্ষে। এর আগেও তারা কর্মীদের খরচ কমানোর জন্য আলাদাভাবে নির্দেশ দিয়েছে। তবে তারা নিয়োগ বন্ধ রাখবে বা কাউকে চাকরি থেকে ছাটাই করবে এমন কিছু জানায় নি।
আয় বাড়ানোর জন্য নেটফ্লিক্স অনেকগুলো নতুন পদ্ধতি চালু করেছিল। তারা পাসওয়ার্ড শেয়ার চালু করেছিল নিউজিল্যান্ডসহ একাধিক দেশে। এছাড়া তারা বিজ্ঞাপনযুক্ত একটি বেসিক প্ল্যান চালু করেছিল।
প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলু এসব প্লাটফর্মের সঙ্গে তাদের টেক্কা দেওয়া এখন একটু মুশকিল হয়ে গেছে। খরচ কমাতে গত বছর নেটফ্লিক্স আগস্টে ১৫০ কর্মী ছাটাই করে। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসে আরও কর্মী ছাটাই করা হয়। তবে এখন তারা ভিন্ন পথ নেয়ার চেষ্টা করছে। আয় বাড়ানোর পন্থা ও সাশ্রয়ের মাধ্যমে টিকে থাকতে চাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিসটি।
সূত্র: টেকক্রাঞ্চ