ফেরার ম্যাচে মেসিকে দুয়ো

পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের আগেই নিশ্চিত করেছিলেন আজাচ্চিওর বিপক্ষেই লিওনেল মেসি খেলবেন। তো কোচের কথামতো পুঁচকে আজাচ্চিওর বিপক্ষে শুরু থেকেই মাঠে নামেন মেসি। খেলেছেনও ম্যাচের পুরো সময়। কিন্তু ‘নিষেধাজ্ঞা’ কাটিয়ে ফেরাটা নিজের রঙে রঙিন করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। গোল করতে পারেননি। উলটো পুরোটা সময় তাকে দুয়ো শুনতে হয়েছে। মেসি বল পেলেই পিএসজির উগ্রবাদী সমর্থকরা দুয়ো দিয়ে গেছেন।

লিওনেল মেসি।

মানে ফেরার ম্যাচটা ভুলে যাওয়ার মতোই কেটেছে মেসির। তবে জাদু দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। জ্বলে উঠে ফরাসি তারকা করেছেন জোড়া গোল। আরেকটি গোলেও রয়েছে তার অবদান। নিজেদের ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে পিএসজিও পেয়েছে বড় জয়, জিতেছে ৫-০ গোলে। যে জয়ে রেকর্ড ১১তম লিগ শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেছে পিএসজি। লিগে বাকি আর তিন ম্যাচ। তার একটিতে জিতলেই রেকর্ড ১১তম লিগ শিরোপা ঘরে তুলবে পিএসজি। 

মেসির দুয়ো হজম, এমবাপ্পের জোড়া গোল, পিএসজির বড় জয় ছাড়াও পরশু পার্ক দি প্রিন্সেসের ম্যাচটি আলোচিত ছিল আরো একটি কারণে। মেজাজ হারিয়ে দুই দলের খেলোয়াড়রাই হিংসাত্মক আচরণের প্রদর্শনীতে মেতে উঠেছে বারবার। হাতাহাতি, ধাক্কাধাক্কি কাণ্ডও ঘটেছে। যার ফল, দুই দলেরই এক জন করে খেলোয়াড় সরাসরি লালকার্ড পেয়েছেন। হিংসাত্মক আচরণের দায়ে লালকার্ড প্রাপ্তির শাস্তি পিএসজিই আগে পেয়েছে।