গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পালে ক্রমশ লাগছে জোর হাওয়া। নগরীর সর্বত্র নির্বাচনী আমেজ ফুটে উঠেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে নগরীর রাস্তাঘাট, অলিগলি সর্বত্র। মেয়র পদে অংশ নেওয়া আট জন প্রার্থীর মধ্যে নির্বাচনি মাঠে দৃশ্যত পাঁচ জনকে দেখা যাচ্ছে। তবে ব্যাপক প্রচার-প্রচারণায় নির্বাচনি মাঠে সবচে জোরালো উপস্থিতি দেখা যাচ্ছে দুই জন প্রার্থীর। এরা হচ্ছেন :নৌকার প্রার্থী আজমতউল্লা খান ও টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ভোটারদের ধারণা, আসন্ন নির্বাচনে মূল লড়াই হবে এই দুই প্রার্থীর মধ্যে। এ দুই জন প্রার্থীর সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত প্রচারণার মিছিল ও পথসভা। তাদের প্রচারণা ও পথসভায় প্রচুর জনসমাগম হচ্ছে। আজমতউল্লা খানের নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নিলেও জায়েদার প্রচারণায় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীরের কর্মী-সমর্থকদের অংশগ্রহণই বেশি লক্ষ করা যাচ্ছে।
আজমতউল্লা খান গতকাল দিনভর নগরীর গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করে ব্যস্ত সময় পার করেন। তিনি বেলা ১১টার দিকে ঐ থানার ৩৭ নম্বর ওয়ার্ডে কুনিয়া-তারগাছ এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচারণা শুরু করেন। পরে তিনি ৩৬, ৩৫, ৩৪, ৩৩, ৩২ ও ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। তিনি নগরীর অব্যবস্থপনার নানা চিত্র তুলে ধরে নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন। পরিস্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব সিটি করপোরেশন গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অপরদিকে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সোমবার টঙ্গীর পশ্চিম ও পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করেন। তিনি সকালে টঙ্গীর চেরাগআলী মার্কেট-সংলগ্ন ট্রাকস্ট্যান্ড থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এ সময় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ কর্মী-সমর্থকরা সঙ্গে ছিলেন।
প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদা খাতুন বলেন, আমি শতভাগ আশাবাদী যে এই নির্বাচনে বিজয়ী হবো। একই দিন সকালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নগরীর পূবাইল থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান একই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে ভোটরদের কাছে ভোট চান।
হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি সকাল থেকে টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের সমাজকল্যাণ রোড, শফিউদ্দিন কাঁচাবাজার, সাহাজউদ্দিন স্কুল, আলম মার্কেট, বনমালা, দত্তপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।