জঙ্গিবাদের ৫৬ শতাংশ আসে সাধারণ শিক্ষা থেকে

জঙ্গিবাদে জড়িতদের শতকরা ৫৬ ভাগ সাধারণ শিক্ষায় শিক্ষিত। বাকি ৪৪ ভাগের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছাড়াও অশিক্ষিতরা রয়েছেন। জঙ্গিবাদের জন্য শুধু মাদরাসা শিক্ষাকে দায়ী করা যাবে না। গতকাল ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘প্রিভেন্টিং টেরোরিজম অ্যান্ড এক্সট্রিমিজম থ্রু কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান এসব কথা বলেছেন। সেমিনারে জঙ্গিবাদ নিয়ে এক গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়।

২০১৫ সাল থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা ২৫০ জনের ওপর পুলিশ সদরদপ্তর একটি গবেষণা করেছে। গবেষণা থেকে জানা গেছে, গ্রেফতার করা ঐসব জঙ্গিদের মধ্যে শতকরা ৫৬ ভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত। বাকি ৪৪ ভাগের মধ্যে ২২ ভাগ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এছাড়া আরো ২২ ভাগ হয়তো অশিক্ষিত, না হয় ইংলিশ মিডিয়ামে শিক্ষিত। এদের মধ্যে ৮২ ভাগই ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ অথবা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল। এছাড়া বাকি ১৮ শতাংশ সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে অনুপ্রাণিত। সেমিনারে এই গবেষণা রিপোর্ট উপস্থাপন করা হয়।

অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান গ্রেফতার জঙ্গিদের গবেষণা নিয়ে আরো বলেন, ২৫০ জঙ্গির কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তারা কোথা থেকে জঙ্গিবাদে এসেছে, কিভাবে এসেছে, তাদের পারিবারিক ইতিহাস ও শিক্ষাগত যোগ্যতা কি, এই পথে আসার কারণ কি।