আন্তর্জাতিক নাট্যোত্সবে রাজপুত্র গহরচান

রাজধানীর শিল্পকলায় চলছে বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব। শনিবার দুপুরে উত্সবের তৃতীয় দিন জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক, জাতীয় ও ব্রাত্যজনীন থিয়েটারের পারস্পরিক বিনিময়’ শীর্ষক সেমিনার। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শফি আহমদ। তিনি ‘সাব-অল্ট্রার্ণ’ এর পরিভাষা হিসেবে ‘ব্রাত্যজন’ ব্যবহার করেন এবং বাংলাদেশের বর্তমান প্রযোজনা প্রবণতা ব্যাখা করেন। এছাড়া মূল আলোচনার বিষয়ে সমকালীন আন্তর্জাতিক থিয়েটারের আটজন বিশেষজ্ঞের মতামত তুলে ধরেন। সেমিনারে বক্তব্য রাখেন ভারতীয় নাট্য বিশেষজ্ঞ অংশুমান ভৌমিক, চীনের নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সু চু পং, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহিদ রিপন, মান্নান হীরা, কামাল উদ্দীন কবির, মফিদুল হক, আশিষ খন্দকার এবং পূজা সেনগুপ্ত। সমাপনী বক্তব্য দেন অধ্যাপক আবদুস সেলিম। সেমিনারে সভাপতিত্ব করেন আই টি আই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ।

সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অন্বেষা থিয়েটার মঞ্চস্থ করে নাটক ‘জয়তুন বিবির পালা’ রচনা ও নির্দেশনা সায়িক সিদ্দিকী। ময়মনসিংহ গীতিকার ছায়া অবলম্বনে ভাগ্যবিড়ম্বিত রাজপুত্র গহরচান ও জয়তুন বিবির বিরহ গাঁথা বাংলাদেশের জনপ্রিয় পালা আঙ্গিকে মঞ্চায়ন করে অন্বেষা থিয়েটার। আজ রবিবার জাতীয় নাট্যশালা মূল হলে মঞ্চস্থ হবে জোহো থিয়েটার (চীন)-এর এফ সিকে।

ড. সা’দত হুসাইনের ‘নীচু স্বরে উঁচু কথা’ বইয়ের প্রকাশনা উত্সব

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন রচিত ‘নীচু স্বরে উঁচু কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হলো। বইটিতে লেখক রচিত সমাজ-রাজনীতি-অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ নিবন্ধ স্থান পেয়েছে। সমাজতত্ত্ব ও রাজনৈতিক রচনা, অর্থনীতিবিষয়ক রচনা ও ব্যবস্থাপনাবিষয়ক রচনা বিভাগে ৫০টির অধিক লেখা রয়েছে বইটিতে।

শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে বিএসিটিডি’র সম্মেলন কক্ষে বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ। এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, শিক্ষাবিদ, পদস্থ কর্মকর্তাবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. এস এ সামাদ বলেন, বইটি আমি পড়েছি। ড. সা’দত হুসাইন আসলে নিচু স্বরে উঁচু কথা নয় উঁচু স্বরেই উঁচু কথা বলেছেন। তিনি যা দেখেছেন তাই লিখেছেন, রিয়েলিস্টিক। শরত্চন্দ্রের মতোই তার লেখাগুলো। সমাজ, রাজনীতি ও অর্থশাস্ত্রে তার গভীর মনোনিবেশ এখানে পরিলক্ষিত হয়। লেখাপড়া তাকে কেউ পক্ষপাতিত্বের দোষে ফেলতে পারবেন না। এটাই লেখকের কৃতিত্ব।

ড. সা’দত হুসাইন বলেন, বইয়ের নিবন্ধসমূহের মূল প্রতিপাদ্য সমাজ, রাজনীতি ও অর্থনীতি। এসব বিষয়াবলীর সঙ্গে সমাজ, দল ও ব্যক্তির মনস্তত্ত্বের নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের সূত্রকে বইয়ের নিবন্ধসমূহে সতর্কতার সঙ্গে তুলে ধরা হয়েছে।

প্রকাশনা উত্সবে চারজন বিশিষ্টজন বইটির উপর আলোচনা করেন ও আরো চারজন বইয়ের নানা অংশ থেকে পাঠ করেন। ‘নীচু স্বরে উঁচু কথা’ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রকৃতি। প্রচ্ছদ এঁকেছেন রিঙকু অনিমিখ। বইটির মূল্য ৫০০ টাকা।