টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সভাপতি পদে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন আহসান হাবিব নাসিম।
শহীদুজ্জামান সেলিম সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর সংগঠনের কাজ নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেন ইত্তেফাকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম কথা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। যেই কাজগুলো বিগত সময়ে শুরু হয়েছিল। এরমধ্যে যেগুলো এখনো শেষ হয়নি সেগুলো শুরু করবো। নতুন কিছু পরিকল্পনা রয়েছে। আর পুরোনো আরো কিছু পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে বিগত সময়েও কাজ করা হয়নি, সেগুলো নিয়েও কাজ করতে চাই। শিল্পীদের স্বার্থ রক্ষার সংগঠন এটি। শিল্পীদের স্বার্থ রক্ষার কাজগুলো অবিচলভাবে করে যাবো।’
অন্যদিকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নাসিম। তিনিও তার পরবর্তী কাজ নিয়ে ইত্তেফাককে বলেন, ‘এবার আমরা জিতবো ২১, হারবো না কেউ শ্লোগানে নির্বাচন করেছি। সবাই একসাতে কাজ করে যাবো। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি ক্ষমতা চর্চা করার জায়গা নয়। আমাদের সবার একসাথে কাজ করে যাবো। আমরা বিগত সময়ে বেশ কিছু কাজ সম্পন্ন করেছি। শিল্পীদের পেশাদারিত্বের নিরাপত্তা নিয়ে একটা কাজ শুরু করেছিলাম গতবার। এখানে অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ড ও প্রযোজকদের সংগঠন এক হয়ে কাজটি করার পরিকল্পনা হয়। কিন্তু সংগঠনগুলোর ধারাবাহিক নির্বাচনের জন্য কাজটি স্থগিত হয়। এবার পেশাদারিত্বের নিরাপত্তার কাজটা এগিয়ে নিয়ে যাবো। এছাড়া আরও নতুন পরিকল্পনা তো রয়েছেই।’
আরও পড়ুন: গৃহকর্মীকে এক বছর ধরে ধর্ষণ, গ্রেফতার গৃহকর্তা
গত শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের নিচতলায় সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সংগঠনের সদস্য সংখ্যা ৮১৯ জন হলেও ভোটাধিকার রয়েছে ৬০৬ জনের। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫১৬টি।
সংগঠনটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু এবং তানিয়া আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এসএম রওনক হাসান ও আনিসুর রহমান মিলন। এছাড়া অর্থ-সম্পাদক পদে নূর এ আলম, দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম এবং অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে লুত্ফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায়, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল (৩১০) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সাতজন। তারা হলেন- নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মুনিরা বেগম মেমী, শামস সুমন ও রাজীব সালেহীন।
ইত্তেফাক/বিএএফ