বিনোদন রিপোর্ট
এদেশের ব্যান্ড ইতিহাসে ‘এলআরবি’ অন্যতম। প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে জনপ্রিয় হয় এই ব্যান্ড। তাঁর চলে যাওয়ার পর ব্যান্ডের ভবিষ্যত্ নিয়ে সংশয়ে ছিলেন ভক্তরাসহ সংশ্লিষ্টরাও। নিজেদের প্রিয় ব্যান্ডকে সবসময় মঞ্চে দাপিয়ে বেড়াতেই দেখতে চান ‘এলআরবি’ ভক্তরা। ব্যান্ডের বর্তমান সদস্যরা অনেকদিন বিরতির পর আবার নতুন নাম নিয়ে শুরু করেন ব্যান্ডের যাত্রা। ব্যান্ডের ভোকাল হিসেবে যোগ দেন বালাম। ব্যান্ডের নতুন নামের সাথে বালামের নাম জুড়ে রাখা হয় ‘বালাম অ্যান্ড লিগ্যাসি’।
এ নিয়ে পরবর্তীতে শুরু হয় বিতর্ক। শুরুতে আইয়ুব বাচ্চুর পরিবার এ নিয়ে কিছু না বললেও পরবর্তীতে পরিবার থেকেই জানা যায়, এ নিয়ে কথা না বলার জন্য হুমকি পেয়েছেন তারা। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে তা আর আড়াল থেকে বের হয়নি এখনো। অন্যদিকে এমন বিতর্ক চলার কিছুদিন পর নতুন করে ঘোষণা আসে ব্যান্ডের নাম পরিবর্তন হবে না। ব্যান্ড তার পুরোনো নাম ‘এলআরবি’ দিয়েই পথ চলবে। কিন্তু নতুন পথচলায় উল্লেখ করার মতো কোনো কাজ করেনি ‘এলআরবি’। বালাম যোগ দেওয়ার পর একটি ব্যান্ড আবারো নতুন করে তাদের পরিকল্পনা সাজানো বা শো করা, এর কোনোকিছুই জানা যায়নি গত কয়েক মাসে।
গানের জগতে ‘এলআরবি’র নতুন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সম্প্রতি তাদের ভেতরের কিছু সমস্যা প্রকাশে আসে। যেন এক সুরে নেই ‘এলআরবি’। শুক্রবার এলআরবি ব্যানারে একটি কনসার্ট করেন স্বপন ও রোমেল। সেখানে দেখা যায়নি ব্যান্ডের অন্য সদস্যদের। এ বিষয়ে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য স্বপন গণমাধ্যমে জানান, এই সময়ে ‘এলআরবি’র শো হওয়া উচিত। আইয়ুব বাচ্চুর শিক্ষা ‘দ্য শো মাস্ট গো অন’। সেই আদর্শেই চলছেন তিনি। অন্যদিকে ব্যান্ডের ম্যানেজার শামীম জানান, এই শোয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না।