নতুন জাতের লাউ চাষে যশোরে ব্যাপক সাড়া

যশোর অফিস

উচ্চ ফলনশীল বারি লাউ-২ ও বারি লাউ-৪ জাতের বারোমাসি লাউ চাষ যশোরে কৃষক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। উন্নত জাতের এ লাউয়ের জাত দুটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বারি লাউ-২ ও বারি লাউ-৪ নামে এ লাউয়ের নতুন জাত দুটি সাধারণত অন্যান্য জাতের চেয়ে অধিক ফলনশীল। এরমধ্যে বারি লাউ-৪ একেকটি ১০ থেকে ১৫ কেজি আর বারি লাউ-২ এক কেজি থেকে তিন কেজি ওজন পর্যন্ত ফলন হয়। লাউ  খেতে সুস্বাদু ও আকৃতিতে বড় হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। অধিক ফলনশীল, খরচ সাশ্রয়ী এ জাতের লাউ চাষ করে যশোরের কৃষক এখন বেশ লাভবান হচ্ছেন।

সদর উপজেলার সাতমাইল এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, আমি ১০ কাঠা জমিতে বারি লাউ-২ চাষ করেছি। ফলনও ভালো হয়েছিল। প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মানুষ বারো মাস লাউ খেতে পছন্দ করে।

তবে শীতকালে লাউ বেশি সুস্বাদুু হয়। সেই কথা চিন্তা করে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বারি লাউ-২ ও বারি লাউ-৪ ছাড় করা হয়েছে— যেটা শীতকালে প্রচুর হয়। এর বাজারদরও ভালো। তিনি বলেন, বারি লাউ-২ শীতকালের একটু আগে আসে। দেখতে চাল কুমড়ার মতো। এই লাউ সারাবছর হলেও বর্ষাকালে ভালো ফলন দেয়। বারি লাউ-৪ তাপ সহনশীল। তাই চাষ করে কৃষকরা লাভবান হবেন।