পাসপোর্ট অফিসে দুর্নীতি

পাসপোর্ট অফিসের ভোগান্তি নতুন কিছু নয়। দালালদের দৌরাত্ম্য, কাজের ধীরগতি, এক কাজের জন্য বারবার ঘোরানো প্রভৃতি সমস্যার জন্য আগে পাসপোর্ট পেতে অনেক সময় লাগত। মেশিন রিডেবল পাসপোর্ট হওয়ার পর এ সেবায় স্বচ্ছতা, সহজতা ও দ্রুততার ব্যাপারে কিছুটা আশাবাদী হয়েছিলাম। কিন্তু সে আশায় গুঁড়েবালি। সরেজমিনে দেখা যায় অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার আর প্রতিটি টেবিলের নিচে কালো টাকার মহোত্সব, যাদেরকে খুশি করতে পারলেই কেবল সময়মতো কাজ সম্পন্ন করা সম্ভব—অজস্র ভুল থাকা সত্ত্বেও। অথচ প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসহনীয় ভোগান্তির স্বীকার হতে হয় পাসপোর্ট প্রত্যাশীদের, যাদের কষ্ট দেখে পাশবিক তৃপ্তি পায় দুর্নীতিবাজরা। এমনকি অফিস সময়েও কখনো কখনো তাদের পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সাহস করে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে পোহাতে হয় নানা বিড়ম্বনা। এ অবস্থায়, পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করতে প্রযোজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ