কোনো অনিয়ম সহ্য করা হবে না

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর হোসেন। তিনি বলেছেন, উপনির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠে রয়েছে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি অনিয়মের খবর আসলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, বগুড়া-৬ আসনে ইভিএম ব্যবহার করা হবে। ভোটারদের মধ্যে উত্সাহ ভালো তবে প্রযুক্তির সঙ্গে সবাই মানিয়ে নিতে না পারায় ফল পাঠাতে কিছুটা দেরি হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ৫১৯টি উপজেলা ও থানা নির্বাচন অফিসের জন্য ল্যাপটপ ও প্রিন্টার কেনার টেন্ডারে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার কমিশন সচিবকে এ নির্দেশ দেন। এক লিখিত নির্দেশনায় সিইসি জানিয়ে দেন, কোনো রকম অনিয়মের মাধ্যমে কোনো ক্রয়-প্রক্রিয়া চলতে দেওয়া যাবে না। সিইসির নির্দেশনার কথা জানিয়ে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর আমাদের নজরে এসেছে। পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে। সিইসি আমাকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছেন।