সোহেল তাজের পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন

নিখোঁজ ভাগনেকে উদ্ধারের লক্ষ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজের ফেসবুক লাইভকে কেন্দ্র করে তার পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদে গতকাল রবিবার কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ তার নিখোঁজ ভাগনে সৌরভকে উদ্ধারের লক্ষ্যে সম্প্রতি ফেসবুকে একাধিকবার লাইভে আসেন। তিনি এসময় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তার এ লাইভ লাখ লাখ দর্শক প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তার ভাগনেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনা দেশের মানুষের কাছে প্রশংসিত হলেও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজের ফেসবুক ওয়ালে সোহেল তাজ, তার পিতা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমদ ও মাতা সৈয়দা জোহরা তাজউদ্দিন, বড়বোন সিমিন হোসেন রিমি এমপিসহ পরিবারের সদস্যদের নিয়ে অশোভন মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকেই কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছেন। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো গতকাল রবিবার উপজেলা ছাত্রলীগ কাপাসিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের ধৃষ্টতাপূর্ণ ও অশোভন বক্তব্য দিয়ে সিদ্দিকী নাজমুল আলম কাপাসিয়াসহ সারাদেশের মানুষের মনে চরম আঘাত দিয়েছে। অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ূম ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকতের পরিচালনায় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দরজী প্রমুখ।