তৃণমূল নেতাদের চাঁদাবাজির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ বিরোধীদের

চাঁদাবাজি ও কমিশন নেওয়ার টাকা ফেরত দিতে তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এর পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছে বিরোধীরা। তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত দিতে দাবি জানাচ্ছে তারা। তৃণমূলের একাংশ বলছে, মমতার বক্তব্যের অপব্যাখ্যা করে প্রচারণা চালাচ্ছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। তারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

গত মঙ্গলবার দলীয় কর্মীদের এক সভায় মমতা বলেন, আমার কাছে খবর আছে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দিতে গরিব মানুষের কাছ থেকে কমিশন নেওয়া হচ্ছে। এসব বরদাস্ত করা হবে না। যারা টাকা নিয়েছেন ফেরত দিতে হবে। বহু ক্ষেত্রে জমি কেনাবেচা এবং ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রেও দলের নেতারা কমিশন নিচ্ছেন। এ রকম অভিযোগও আসছে। পাশাপাশি মমতা বলেছেন, অনেকে সরকারি সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। সব কিছুর তদন্ত হবে। কেউ ছাড় পাবেন না।

মমতা কড়া মনোভাব দেখানোর পর গত বৃহস্পতিবার তৃণমূলের এক নেতাকে এক কোটি রূপি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভ করছে স্থানীয়রা। টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। তৃণমূলের অভিযোগ, এসবের পেছনে রয়েছে বিজেপি। তারাই লোক সংগঠিত করে এসব করছে। তবে বিজেপি এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তবে এই বিক্ষোভের জেরে পশ্চিমবঙ্গজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। টাকা ফেরতের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের উপর সহিংস হামলার ঘটনা ঘটেছে।

এর প্রেক্ষিতে মমতা বলেছেন, কেউ কোথাও টাকা নিয়েছে, এমন অভিযোগ পেলে আইন নিজেদের হাতে তুলে নেবেন না। নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসনকে জানান। এজন্য একটা টোল ফ্রি হটলাইনও চালু করা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, কমিশন নেওয়ার তালিকায় তৃণমূলের এমপি, এমএলএ-রা থাকলে তারাও রেহাই পাবেন না।