নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সন্ত্রাস-দুর্নীতিসহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সারাবিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। গতকাল রবিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগের সঙ্গে আওতাধীন ৬টি বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা টার্গেট নিয়ে কাজ করছি। আজ (গতকাল) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো। ২০২১ সালে শতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পালন করা হবে। আমাদের নির্বাচনে যে টার্গেটগুলো ছিল তা বাস্তবায়নে কাজ করবো। আমাদের সফলতার হার ৯৭ শতাংশের উপরে। কাজেই শতভাগ তেমন কিছু নয়।

নিরাপত্তা এবং দুর্নীতি বড় চ্যালেঞ্জ— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা একটা ব্যাপক কাজ। সব ধরনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কাজ করছে। বহু চ্যালেঞ্জ ইতোমধ্যে মোকাবেলা করেছি। নিরাপত্তা বিভাগকে সক্ষমতা, দক্ষতা অর্জনে যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করেছেন বলেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি। আমরা মনে করি— পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, এনটিএমসি, অপরাধ ট্রাইব্যুনাল— সবাই তাদের কাজ সঠিকভাবে করছে। সেই জন্যই আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সব সময় দুর্নীতি ছিল। ভবিষতে যাতে দুর্নীতি কমে যায় তার একটা পরিকল্পনা সরকারের আছে। আমরা সেই কাজটি করে যাচ্ছি। একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন সৃষ্টি হয়েছে। সেখানে যে কাউকে তলব করছে।

সামনে কী চ্যালেঞ্জ দেখছেন— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তায় নানা ধরনের চ্যালেঞ্জ আছে। যারা এ ধরনের ক্রাইম করে তারা যথেষ্ট মেধা নিয়ে ক্রাইম করে। ইদানিং সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে। সে জন্য সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছি। আমাদের পুলিশের একটা ইউনিটই গঠন করেছি সাইবার ক্রাইম দমনের জন্য। আমাদের এনটিএমসিকে শক্তিশালী করছি।

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতা দেখাচ্ছে, অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সব ধরনের খবরকে প্রাধান্য দিয়ে কাজ করে। শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছে, সে জন্য আমরা সব ধরনের সমন্বয় ব্যবস্থা নিয়েছিলাম, সবাই সজাগ ছিলাম বলে ঘটনা ঘটেনি।