গত ৭ মার্চ রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ওমান আগমন উপলক্ষে বাংলাদেশ স্কুল সাহাম আয়োজিত সংবর্ধনা সভায় স্কুল পরিচালনার ক্ষেত্রে আর্থিক সমস্যার কথা তুলে ধরলে কর্তৃপক্ষের অনুরোধে প্রবাসীর সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে স্কুলকে ১ মিলিয়ন টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৮ জুন রাউজান সমিতি ওমানের নেতারা সাহাম স্কুলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে চেক হস্তান্তর করেন।
২০০৮ সালে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী হাসানুজ্জামানের নেতৃত্বে এই স্কুল প্রতিষ্ঠা হয়। ওমানের রাজধানী মাস্কেট থেকে ২০০ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চলে এই স্কুলটি গড়ে ওঠে। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৪৭ জন। ২৬ জন শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয়। স্কুলে ঢুকলে মনে হয় মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এই ছাত্রছাত্রীদের মাধ্যমে বিদেশের মাটিতে তুলে ধরা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান সমিতি ওমানের নেতাসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্কুলের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি, মোঃ ইয়াছিন চৌধুরী, রাউজান সমিতি ওমানের সভাপতি শাহজান মিয়া, সাধারণ সম্পাদক প্রকৌশলী আশরাফুর রহমান, চট্টগ্রাম সমিতি ওমানের সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাসসহ রাউজান সমিতি ওমানের নেতারা, সাহাম স্কুলের চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টরস, প্রিন্সিপাল ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।