বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত

শনিবার ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’-এ স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ

বরিশাল: নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকায় জেলা স্বাস্থ্য ও বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটির তাত্পর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জেলা সিভিল সার্জন অফিস। সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আকতার।

রংপুর: রংপুর সিভিল সার্জনের আয়োজনে নগরীতে র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন রংপুরে জেলা প্রশাসক এনামুল হাবীব। শেষে রংপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুরের সিভিল সার্জন ডা. আবু মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরে জেলা প্রশাসক এনামুল হাবীব।

সিলেট: সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়। সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা. আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নূরে আলম শামীম প্রমুখ।

বগুড়া: বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে বগুড়ার সিভিল সার্জন ডা. মো. শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আড়াইশ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।

ঝিনাইদহ: সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

কুমিল্লা: বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা শাখার সভাপতি ডা. আবদুল বাকী আনিছ প্রমুখ।

মৌলভীবাজার: সিভিল সার্জনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ২৫০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের (ইপিআই ভবন) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিনেন্দ্রে ভৌমিকের সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. নাসিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন  ডা. নূরে আলম সিদ্দিকী, ডা. মিনাক্ষী দেবনাথ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

বরগুনা (উত্তর): জেলা প্রশাসকের কার্যালয়ে সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ।

গাইবান্ধা: গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আব্দুস শাকুরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রমুখ। 

পটুয়াখালী:জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোকমান হাকিমের সভাপতিত্বে ও সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোখলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. মেহেদী আলম, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক রতন কুমার পাল, এসডিএ’র নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা): দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর ও হ্যালো আইএম প্রকল্প ও কারিতাসের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. মাইন উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা এসএম তানজিরুল ইসলাম, সুপারভাইজার উম্মে কুলসুম, ডিএসকের সিএম মো. জুয়েল রানা প্রমুখ।

কালকিনি (মাদারীপুর): কালকিনিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বাংলাদেশ ফাস্ট ইয়ুথ কনসার্নের সহযোগিতায় র্যালি বের করা হয়। শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মো. রেজাউল করিম।

কাহারোল (দিনাজপুর): কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রেজওয়ান আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক দীনেশ চন্দ্র রায় ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আজারুল ইসলাম।

গোয়ালন্দ (রাজবাড়ী):গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন এলাকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এর আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ জুলফিকর আলী।