বিতর্কের সব বেড়াজাল পেড়িয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’ । পৌরাণিক কাহিনী রামায়ণের আধুনিক সংস্করণে নির্মিত সিনেমাটি আগামী ১৬ জুন মুক্তি পাবে। তার আগেই টিকিট বুক করছেন অভিনেতারা। কিছুদিন আগে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য আদিপুরুষের ১০ হাজার টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। তার সেই উদারতার এবার প্রভাব পড়েছে তেলেগু সুপারস্টার রামচরণের উপর। তিনিও রণবীরের মত ভক্তদের জন্য ১০ হাজার টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
দি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাম চরণও রণবীরের মতো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আদিপুরুষ’ সিনেমার ১০ হাজার টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছেন । এছাড়া, তেলাঙ্গানার সরকারি স্কুলের পড়ুয়াদের এবং সেখানকার অনাথাশ্রমের বাচ্চাদের মধ্যে ‘দ্য কাশ্মীর ফাইল্স’ সিনেমার পরিচালকও দশ হাজারের বেশি টিকিট বিতরণ করার কথা জানিয়েছেন।
এদিকে ‘আদিপুরুষ’-এর টিমের তরফে জানানো হয়, টিকিটের চাহিদা তুঙ্গে থাকলেও প্রেক্ষাগৃহে এই সিনেমার একটি করে আসন নাকি সংরক্ষিত থাকবে। জানা যায় , ওই বিশেষ আসনটি নাকি সংরক্ষিত থাকবে শ্রীরামভক্ত হনুমানের জন্য। তাদের বিশ্বাস, যেখানে ভগবান রামচন্দ্র বিরাজ করেন, সেখানেই বসত হনুমানেরও। ভক্তদের এমন বিশ্বাসের মর্যাদা দিতেই এমন সিদ্ধান্ত।
ওম রাউত পরিচালিত, ‘আদিপুরুষ’ তৈরি হয়েছে প্রায় ৪৫০ কোটি দিয়ে। এ সিনেমায় প্রভাস এবং কৃতী স্যানন রাম-সীতার ভূমিকায় এবং সাইফ আলী খান রাবনের নাম ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া সানি সিং লক্ষ্মণ এবং দেবদত্ত নাগ ভগবান হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন ।