সাকিব-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

সময়ের সঙ্গে সঙ্গে চওড়া হচ্ছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাট। রাশিদ খান-দওলত জাদরানদের সাচ্ছন্দ্যে খেলে এগিয়ে নিচ্ছেন দলীয় স্কোর। রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে দলীয় সংগ্রহ১১৭/২। সাকিব ৩৯ ও মুশফিক ১৯ রানে ব্যাট করছিলেন। 

এর আগে আজ সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদন নায়েব। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১০ মিনিট বিলম্ব হয়। প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মুজিব উর রহমানের বলে হাসমতউল্লাহ শাহিদির হাতে ক্যাচ দেন ব্যাটসম্যান লিটন দাস। এরপর তামিম ইকবালের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। দুজনে মিলে খেলেন ৫৯ রানের একটি জুটি। দলীয় ৮২ রানের মাথায় তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে মোহাম্মদ নবীর বলে বোল্ড আউট হন এই উদ্বোধনী ব্যাটসম্যান। 

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। আর আফগানিস্তানের নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ হয়নি। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
ইত্তেফাক/এএম