‘বাজবল’ নিয়ে ইংল্যান্ডকে খোঁচা অজি কিংবদন্তির

আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশল ভেস্তে গেলে প্ল্যান ‘বি’ পরিকল্পনা ঠিক করা আছে কিনা, সেটি জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক স্টিভ ওয়াহ। ইংল্যান্ডের আক্রমণাত্মক কৌশলের চ্যালেঞ্জ নিতে অস্ট্রেলিয়ার বোলাররা প্রস্তুত বলে মনে করেন ওয়াহ।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মূল মন্ত্রই এখন আক্রমণাত্মক ও আগ্রাসী মনোভাব। অধিনায়ক হিসেবে বেন স্টোকস ও কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নিয়েছে ইংল্যান্ড। এই আক্রমণাত্মক কৌশলকেই নাম দেওয়া হয়েছে ‘বাজবল’। গত ১২ মাসে ‘বাজবল’ কৌশলে খেলেই ইংল্যান্ডের ক্রিকেটও যেন পুনরুজ্জীবিত হয়েছে।

‘বাজবল’ কৌশলে গত বছর ১৩ টেস্টের মধ্যে ১১টিতে জিতেছে ইংল্যান্ড। ওভারপ্রতি ৪.৮৫ করে রান তুলেছে তারা। পাঁচ ব্যাটারের স্ট্রাইক রেট থেকেছে ৭৫এর বেশি।

কিন্তু আসন্ন অ্যাশেজে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে নিজেদের ‘বাজবল’ কৌশল ধরে রাখতে পারবেন কিনা ইংল্যান্ড, সেটি এখন বড় প্রশ্ন।

অজি কিংবদন্তি ওয়াহ বলেছন, ‘বাজবল কৌশল নিয়ে এটাই বড় প্রশ্ন। প্ল্যান ‘বি’ কি? তারা কি প্ল্যান ‘বি’ পেয়েছে? যদি তাদের না থাকে তাহলে খুঁজে বের করতে হবে।’

২০০১ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ী অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়া  স্টিভ ওয়াহ বলেন, ‘ইংল্যান্ড দেখিয়েছে, ক্রিকেটের এই স্টাইলটি ধরে রাখতে তারা বেশ পটু। কিন্তু তাদের চূড়ান্ত পরীক্ষা হবে বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে, যা অস্ট্রেলিয়ার আছে। এটা বেশ রোমাঞ্চকর। তবে এখানে অনেক কিছু বিবেচনায় আসবে। দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে চ্যালেঞ্জিং কন্ডিশনে কি ‘বাজবল’ ক্রিকেট ধরে রাখা যাবে?’

ইংল্যান্ড ভয়ডরহীন কৌশল থেকে সরে যাবে, এমনটা আশা করেন না ওয়াহ। তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই এই কৌশল সবসময় কাজ করবে না। তবে আমার মনে হয় ম্যাককালাম ও স্টোকস এটি ধরে রাখতে বেশ সাহসী। বারবার খেলার ধরণ পরিবর্তন করবে না তারা। বিকল্প কোন পরিকল্পনা আছে তাদের? আমি নিশ্চিত নই। কিছু একটা খুঁজে বের করে ফেলবে তারা।’

আগামী ১৬ জুন থেকে ইংল্যান্ডের এডজবাস্টনে শুরু হবে পাঁচ ম্যাচ টেস্টের অ্যাশেজ সিরিজ।