মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

সিলেটের ওসমানীনগরে মেরামতের জন্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও সহকারীসহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১২ জুন) ভোরে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে সিলেটগামী একটি ট্রাক উপজেলার সোয়ারগাঁও নামক স্থানে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকের সহকারীসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় জসিম উদ্দিন (৩৫) নামে আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়।

তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কাশেম বলেন, নিহত ৩ জনের লাশ ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। জসিম উদ্দিন নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।