বিএসএমএমইউয়ে চিকিৎসকদের বিক্ষোভ, অবস্থান নিয়েছে উপাচার্যপন্থিরাও

তিন দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উপাচার্যপন্থিরাও। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বিশ্বিবদ্যালয়ের ভিসি কার্যালয়ের নিচে ভিসিপন্থিরা অবস্থান নেয়। এ সময় ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারী চিকিৎসকরা।

ভিসির পক্ষে আন্দোলনকারীরা জানান, তারা প্রত্যেকেই বিএসএমএমইউয়ের কর্মকর্তা-কর্মচারী। যেসব চিকিৎসকরা ভিসির কার্যালয়ের সামনে আন্দোলন করছে, তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। এর প্রতিবাদেই আমাদের অবস্থান।

তারা আরও জানান, আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এসেছে। তাদের কোনো নির্দিষ্ট দাবি-দাওয়া নেই, তারপরও কেনো আমাদের আন্দোলনের সময়েই তাদেরকে এখানে আসতে হবে? তারা এখানে কার ইশারায় এসেছে? কে তাদেরকে পাঠিয়েছে? এগুলো আমরা বুঝি।

cats

এর আগে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এরপর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় চিকিৎসকরা ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে তারা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। এ সময় উপাচার্যের পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তারা উপাচার্যের সাথে কথা বলতে চান। তাদের দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে

১। মাসিক ভাতা ৫০ হাজার টাকা

২। নিয়মিত ভাতা প্রদান করা

৩। সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা।

আন্দোলনরত চিকিৎসকরা জানান, গত অর্থবছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জার বিষয়। রেসিডেন্টদের মতো নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা।