সিরাজগঞ্জের ‘ডলার’ নজর কেড়েছে সবার

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকার আরাভ অ্যাগ্রো ফার্মে বিশেষভাবে লালনপালন করা হয়েছে একটি ষাঁড়। তার নাম রাখা হয়েছে ‘ডলার’। ৩৫ মণ ওজনের ডলারের দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।

জানা যায়, আমেরিকান ব্রাহমা ও ব্রাঙ্কাস প্রজাতির ষাঁড় এটি। এর উচ্চতা প্রায় ৬ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৯ ফুট, প্রস্থ প্রায় ৩ ফুট। খামারে বিশেষ যত্ন আর নিয়ম করে খাবার খাওয়ানো হয় তাকে। ডলারের সেবায় নিয়োজিত আছে খামারের ৯ শ্রমিক। যারা তাকে সময়মতো তিন বেলা গোসল করানো থেকে শুরু করে খাবার খাওয়ানোর কাজ করে থাকেন। ডলারকে গোসল করাতে ব্যবহার হয় সাবান আর শ্যাম্পু। তাকে খাওয়ানো হয় সবুজ ঘাস, দানাদার খাবার। এ ছাড়া মৌসুমি ফল তো রয়েছেই তার খাবারের তালিকায়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ডলারের।

আরাভ অ্যাগ্রো ফার্মের ম্যানেজার আলমগীর হোসেন বলেন, কোরবানির জন্য জেলায় বেড়ে ওঠা অসংখ্য ষাঁড়ের মধ্যে সবার নজর কেড়েছে আমেরিকান ব্রাঙ্কাস জাতের দীর্ঘকায় এই ‘ডলার’। তাই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন উৎসুক জনতা। ক্রেতাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকে দেখতে আসছেন ডলারকে। 

আরাভ অ্যাগ্রো ফার্মের মালিক জাহিদ হাসান জেমি বলেন, নাটোর থেকে ৯ মাস আগে আমেরিকান ব্রাঙ্কাস জাতের ষাঁড় ‘ডলারকে’ কিনে এনে লালনপালন করে মোটাতাজা করা হয়। ডলারকে প্রতিদিন প্রায় ১৭০০ টাকার খাবার খাওয়াতে হয়। বিশেষ জাতের এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাংগ কুমার তালুকদার বলেন, আমেরিকান ব্রাঙ্কাস জাতের ষাঁড় ‘ডলারকে’ বিভিন্ন রোগের টিকাসহ প্রাণিসম্পদ অফিস থেকে তদারকি করা হয়েছে।